
যান্ত্রিক ত্রুটির কারণে মঙ্গলবার সকাল থেকেই ব্যাহত হল মেট্রো পরিষেবা। ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম) আপ এবং ডাউন— দু’দিকেই মেট্রো দেরিতে চলছে। ফলে অফিসের ব্যস্ত সময়ে ভোগান্তির মুখে পড়তে হয়েছে যাত্রীদের।
যাত্রীদের অভিযোগ, সকাল থেকেই নির্ধারিত সময়ের বেশ খানিকটা দেরিতে প্ল্যাটফর্মে ঢুকছে মেট্রো। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। ফলে প্ল্যাটফর্মে তো বটেই, মেট্রোতেও ভিড় ক্রমশ বাড়ছে। এক যাত্রীর কথায়, “সকাল সওয়া ১০টা থেকে বরানগরে দাঁড়িয়ে আছি। পার্ক স্ট্রিটগামী মেট্রোর ঢোকার কথা ছিল ১০টা ২২-এ। সেটা ঢুকল ১০টা ৩৬ মিনিটে। এখানেই ১৪ মিনিট লেট। তার উপর ঠাসা ভিড়।”
মেট্রোর তরফে যান্ত্রিক ত্রুটির বিষয়ে যাত্রীদের অবহিত করা হচ্ছে। বিভিন্ন স্টেশনেই এটি ঘোষণা করা হচ্ছে। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশও করেছেন মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু সমস্যার সমাধান হওয়ার পর কখন পাতালরেল পরিষেবা ফের স্বাভাবিক হবে, তা এখনও স্পষ্ট নয়।

