
কলকাতায় বুধবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। দফায় দফায় বৃষ্টি হচ্ছে শহরের নানা প্রান্তে। মঙ্গলবারেও বৃষ্টিতে ভেসেছে শহর। তবে বুধবারেও সেই ছবির খুব একটা উন্নতি দেখা যাচ্ছে না। সকাল থেকে দফায় দফায় বৃষ্টিতে শহরের অনেক রাস্তাতেই জল জমেছে। আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতায় আগামী কয়েক ঘণ্টা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। শুধু কলকাতাতেই নয়, পাশাপাশি হুগলি, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়াতেও ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।
এ ছাড়াও পূর্ব বর্ধমানেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে। বৃহস্পতিবারেও দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি হবে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বৃহস্পতিবার। শুক্রবার থেকে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।
অন্য দিকে, উত্তরবঙ্গের সব জেলায় আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে আগামী তিন দিন ভারী বৃষ্টি হবে। তার পরে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে।
গভীর নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উপকূলীয় ওড়িশা, ঝাড়খণ্ড এবং উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত। আগামী ১২ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে। তার পর দক্ষিণ উত্তরপ্রদেশ এবং উত্তর মধ্যপ্রদেশের দিকে অগ্রসর হবে।

